খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে চা দোকানির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত চা-দোকানি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

NewsDetails_03

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের (২০২৫ সাল) ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজের দোকানে নিয়ে যান মো. শাহিন। সেখানে শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চা-দোকানি শাহিনকে আটক করে আদালতে সোপর্দ করে।

মাত্র এক বছরের ব্যবধানে এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও স্থানীয় সচেতন মহল। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের পর গণমাধ্যমকে বলেন, মাত্র এক বছরের মধ্যে এই মামলার রায় ঘোষণা হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। এর মধ্য দিয়ে শুধু ন্যায়বিচারই নিশ্চিত হয়নি, বরং সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তাও পৌঁছেছে।

এদিকে, নিম্ন আদালতের এই রায়ের পর অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম জানান, তারা এই রায়ের বিরুদ্ধে অনতিবিলম্বে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করবেন।

আরও পড়ুন