রাঙামাটির ২৯৯ নম্বর আসনের এমপি দীপেন দেওয়ানের প্রতিনিধির নেতৃত্বে গ্যাস খাতের সংকট ও তা থেকে উত্তরণের বিষয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. নাজমুল হক (৩২) আহত হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চিৎমরম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের পক্ষে রাঙামাটি-২৯৯ আসনের এমপি দীপেন দেওয়ানের কাপ্তাই উপজেলা ত্রাণ ও সমাজসেবা প্রতিনিধি মংসুই প্রু মারমার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী চিৎমরম বাজার এলাকায় গ্যাস খাতের সংকট ও তা থেকে উত্তরণের বিষয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে—এ বিষয়ে জনসাধারণকে অবহিত ও সচেতন করা হয়।
লিফলেট বিতরণের একপর্যায়ে বিএনপির অপর একটি পক্ষের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী চিৎমরম বাজারে উপস্থিত হয়ে ওই কার্যক্রমে বাধা দেন বলে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মো. নাজমুল হকের নাক ও মুখমণ্ডলে রক্তাক্ত জখম হয়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নাজমুল হক (৩২) চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা। তার বাবার নাম আবদুল হামিদ মিয়া।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, লিফলেট বিতরণের বিষয়ে বিএনপির অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে আগে আলোচনা না করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
পুলিশের বক্তব্য
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের আহম্মদ বলেন, “চিৎমরম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু বলেন, “আমি এলাকার বাইরে থাকায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি।” ঘটনার পর চিৎমরম বাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।


