গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড
রামগড়ে বসতবাড়ি ভস্মীভূত
খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে মো. করিম উল্লাহ নামের এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দেখতে পেয়ে স্থানীয়রা রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. করিম উল্লাহ রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার আমিনুল হকের ছেলে।
স্থানীয়দের সহায়তায় ঘরের অল্প কিছু মালামাল বের করা সম্ভব হলেও অধিকাংশ আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনসিপত্র পুড়ে গেছে। এতে তার আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কাঠ ও টিনের তৈরি ঘর হওয়ায় অগ্নিকাণ্ডের তীব্রতায় ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।


