ত্রাণের শিশু খাদ্য না দেওয়ায় রাইখালীতে ইউপি সদস্যকে পিঠিয়ে আহত

শিশুদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ শিশু খাদ্য না দেওয়ায় গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্যকে লাঠি দিয়ে আহত করেছে এক বখাটে যুবক।

রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় ০২ নং রাইখালী ইউপি এলাকাধীন ডলুছড়ি পাড়া নামক স্থানে উক্ত ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মেম্বার উনুচিং মারমা (৪৫)’কে একই পাড়া নিবাসী মোঃ রাহাত উল্লাহ রবিন লাঠি দিয়ে প্রহার করে। প্রহারের ঘটনায় উক্ত মহিলা মাথায় আঘাত পেয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

NewsDetails_03

আহত ইউপি সদস্য উনুচিং মারমা জানান, রবিন তার বাড়িতে এসে ত্রাণের শিশুখাদ্য পাওয়ার দাবি করে। কিন্তু তালিকাভুক্ত শিশুর পরিবার ছাড়া অন্য কাউকে উক্ত শিশু খাদ্য দেয়া সম্ভব নয় বলে তাকে জানালে এই নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে রবিন ক্ষিপ্ত হয়ে তার ঘরে এসে মুখে গামছা বেঁধে তাকে প্রহার করেন, এই সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, তিনি স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছেন, তবে এই ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

আরও পড়ুন