থানচিতে পাহাড় ধসে ঘর বিধ্বস্ত, যুবক আহত

বান্দরবানের থানচিতে ভারী বর্ষণে পাহাড় ধসে একটি ঘর বিধ্বস্ত এবং পাথরচাপায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম চশৈনু মারমা (৩০)।

সোমবার (২ জুন) দুপুরে তিন্দু গ্রোপিংপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

তাঁর স্ত্রী নাইম্রাচিং মারমা জানান, ঘটনার সময় তাঁদের পরিবারের তিন সদস্য জুমখেতে ব্যস্ত ছিলেন। তিনি ও তাঁর স্বামী জুমে যাননি, ঘরে ছিলেন। হঠাৎ পাহাড় থেকে মাটি ও পাথর ধসে পড়লে তাঁদের মাচাং ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় পাথরচাপা পড়ে তাঁর স্বামীর বাম পা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

NewsDetails_03

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, পাথরচাপায় চশৈনুর বাম পায়ের নিচের অংশ ভেঙে গেছে। মাথাতেও আঘাত লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, ‘আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সাধ্য অনুসারের সহযোগিতা করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান জানান, আহত ব্যক্তির উন্নত চিকিৎসায় এবং ভেঙে যাওয়া ঘর পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন