বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম লিটক্রে সড়কে সড়ক দুর্ঘটনায় গাড়ি চালক উশৈপ্রু মারমা (৩৫) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারী সকালে তার চালিত জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়, এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ তাকে মৃত ঘোষনা করেন।

নিহত চালক জীবিকার তাগিদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গাড়ি চালিয়ে সংসার চালাতেন। হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। স্বামীহারা স্ত্রী এখন তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।
স্ত্রী হ্রাশৈউ মারমা বলেন, বড় মেয়ে মেওযাইন মারমা সাবমারা পাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনিতে পড়ে। ছেলে ক্যথোয়াইচিং মারমা ১ম শ্রেনিতে, ছোট মেয়ে মাত্র দেড় বছর। আমার স্বামীই ছিল সংসারের সব। এখন বাচ্চাদের নিয়ে কীভাবে বাঁচব জানি না।
সাবমারা গ্রামে প্রধান চিংথোয়াইউ কারবারী বলেন, নিহত গাড়ি চালকের পরিবারটি অত্যন্ত দরিদ্র। উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তিনি। তার মৃত্যুর পর পরিবারটি এখন চরম মানবিক সংকটে পড়েছে।



