দূর্গম রুমার প্রত্যন্ত পাড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা
বান্দরবানের দূর্গম পাহাড়ি উপজেলা রুমার প্রত্যন্ত পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
সকালে দূর্গম পাহাড়ি পথ পেরিয়ে রুমা-রোয়াংছড়ি সীমানাবর্তী খিয়াং জনগোষ্ঠীর খানতামপাড়া থেকে দিনব্যাপী প্রচারণা শুরু করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা অধ্যাপক মো: ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিএনপি নেতা মশিউর রহমান মিটনসহ নেতাকর্মীরা।
এসময় পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পাড়া।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চনা, অধিকার হরণ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি একটি শান্তিপূর্ণ ও উন্নত পাহাড় গড়ার কাজ করে যাবে।
রাজপুত্র সাচিং প্রু জেরী আরো বলেন, বিএনপি অঙ্গীকার করলে তা বাস্তবায়ন করেন। নির্বাচিত হলে এঅঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রচারণা শেষে বিভিন্ন পাড়ায় পথসভা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। পাহাড়ি ঢোল, বাদ্যযন্ত্র আর স্লোগানে স্লোগানে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনের নির্বাচনী প্রচারণা।


