দূর্গম সীমান্ত এলাকায় ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৬ জুন) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের অন্তর্গত ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের যৌথ সমন্বয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের আওতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ ও শিশুসহ সর্বমোট ২০০ জনের অধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

NewsDetails_03

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ।

বিজিবি জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আরও পড়ুন