দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: দীপেন দেওয়ান

রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান ব‌লেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাজনৈতিক নিপীড়নের মধ্য দিয়ে জনগণকে বঞ্চিত করা হয়ে‌ছে। এই অন্ধকার সময় থেকে দেশকে মুক্ত করতে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরকল উপজেলা বিএনপির আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপু‌রে বরকলের ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার জীবন ছিল দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সঙ্গে তার দেখানো পথেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

NewsDetails_03

দীপেন দেওয়ান পাহাড়ি জনপদের মানুষের কথা উল্লেখ করে বলেন,পার্বত্য অঞ্চলের মানুষ আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ ধর্মীয় আলোচনা করেন এবং দেশ, জাতি ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন