পার্বত্য তিন জেলার পাশাপাশি সমতলের আরো দুটি জেলার উন্নয়ন কর্মকান্ডসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেলেন ৩৩৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। এই দুটি জেলা হলো নোয়াখালী ৬ এবং নারায়ণগঞ্জ ৪ আসন।

গত ৭জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন অ্যাডভোকেট মাধবী মার্মা এমপি, এটি ছিল তাঁর জীবনের প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগদান। প্রথম অধিবেশনে যোগ দিয়েই তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
অ্যাডভোকেট মাধবী মার্মা এমপি এক বার্তায় তাঁকে সংরক্ষিত পার্বত্য নারী আসনের এমপি নির্বাচিত করার পাশাপাশি সমতলের আরো দুটি জেলার উন্নয়ন কর্মকান্ড সমন্বয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালনে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।



