রাঙামাটিতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ২১ জন আটক

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে পরিচালিত এ অভিযানে ডেভিল হান্ট মামলার চার আসামির পাশাপাশি জুয়া, মাদক ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট মামলায় আটক ব্যক্তিরা হলেন যুবলীগের রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জসীম (৪৫), সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা (৩৬), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৪) এবং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. রফিকুল হক (৫৯)।

এছাড়া পৃথক অভিযানে জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন