পার্বত্য জেলা পরিষদের অনিয়ম- দুর্নীতি তদন্ত করে বিচার করা হবে

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য মন্ত্রণালয়ের অধীন পার্বত্য জেলা পরিষদগুলোর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এর আগের সরকারের আমলে গঠিত জেলা পরিষদগুলোর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (২৩ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

NewsDetails_03

তিনি বলেন, পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যেই পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে পাহাড়ের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে পৃথক অনুষ্ঠানে রাঙামাটি শিশু পার্কের ওয়াচ টাওয়ার এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।

এছাড়া খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মহাপুরম খালের ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহমেদ, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন