পাহাড়ে পানির তীব্র সংকট

রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাস এলেই পাহাড়ের ঝর্ণা ও ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় পাহাড়ে বসবাসকারী অনেক পরিবারকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্করা।

এমন পরিস্থিতিতে পাহাড়ি মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

NewsDetails_03

আজ শনিবার (১৪ মার্চ) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথম দিনে চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক সংলগ্ন সাপছড়ি যৌথ খামার ফুরোমোন এলাকায় প্রায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এতে স্থানীয় পাহাড়ি পরিবারের মানুষ উপকৃত হন।

স্থানীয়রা জানান, প্রতি বছর শুকনো মৌসুমে পাহাড়ি ঝর্ণা ও ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করে। অনেক সময় কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এ অবস্থায় বিশুদ্ধ পানি বিতরণের এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কা‌ন্তি চাকমা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর পানির কষ্ট বিবেচনায় রেখে পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায় এ ধরনের পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন