বান্দরবানে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
বান্দরবানের চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫মে রাতে র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানিহাট-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ইউসিবি ব্যাংকের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বান্দরবান সদর থানার একটি চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার অন্যতম প্রধান এজাহারভুক্ত এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি রাশেদুল ইসলাম অনিক (২১) বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাইছতলী পাড়া (তুলাতলী বাজার) এর বাসিন্দা হামিদুল হক এর পুত্র।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামি রাশেদুল ইসলাম অনিক দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, মারধর, চাঁদাবাজি ও অপহরণের মতো বিভিন্ন মারাত্মক অপরাধমূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। সে ও তার সহযোগীরা ভিকটিমদের অপহরণ করে আটকে রেখে পরবর্তীতে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করত। আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা রয়েছে আর মামলার পর থেকেই আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



