বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন,মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত।
সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণের পর থেকে বান্দরবান সেনা জোনের বিপুল সংখ্যক সেনাসদস্য গত ২৩ এপ্রিল হতে ২৪ এপ্রিল ভোর ৫ টা পর্যন্ত সম্ভাব্য সকল অবস্থানে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আজ ২৪ এপ্রিল ভোরে অভিযান পরিচালনাকালে অপহৃত শ্রমিকদের যে পাহাড়ে আটক করে রাখা হয়েছিল, সেনাবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের নিকটবর্তী হলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের সেখানে রেখেই দ্রুত পলায়ন করে। এরপর বান্দরবান সেনা জোন এর সদস্যরা শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। উক্ত অভিযানে ম্যাংতাং ম্রো(৩০) নামে একজন সন্দেহভাজন ব্যক্তি কে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী কর্তৃক পুলিশের নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ৬ শ্রমিককে উদ্ধারের পর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ৬ জন শ্রমিককে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।



