বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত যুবকের নাম মো. জাবেদ (১৮)।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে বিদ্যালয়ের যাওয়ার পথে অভিযুক্ত জাবেদ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়। এসময় কিশোরীর আত্নচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী অভিযুক্তকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।
এই বিষয়ে লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।



