বান্দরবানে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা
শারদীয় দুর্গাপূজা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বান্দরবান জেলা বিএনপি। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবানের একটি হোটেলের সভাকক্ষে জেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গণি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, বান্দরবান সার্জনীন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাসসহ জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আসন্ন্ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে সনাতনীদের সার্বিক সহযোগীতা অব্যাহত রয়েছে। বান্দরবানে ও এবারের পূজা আরো জাঁকজমকভাবে উদযাপনের জন্য জেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন প্রতিটি পূজামন্ডপে সহযোগীতা অব্যাহত রাখবে।
এসময় তিনি আরো বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে, তাই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে কাজ করে পূজাকে উৎসবমুখরভাবে সম্পন্ন করবে এই প্রত্যাশা সকলের।



