বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

আজ ২ জুন (মঙ্গলবার) দুপুরে সংরক্ষিত আসন ৩৩৪এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঘমারা বাজারে ক্ষতিগ্রস্থ ৫১টি পরিবারকে জনপ্রতি ৫হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন। এসময় ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করতে গিয়ে সংরক্ষিত আসন ৩৩৪এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, ক্ষতি যাদের হয়েছে তাদের বেদনা ও দু:খ অনেক। সামান্য এই অনুদান ও সহায়তা হয়তো কোন কাজে লাগতে নাও পারে, তবে আমাদের এই থেকে আবার ঘুরে দাড়াতে হবে। নতুন সাহস নিয়ে আবার সবাইকে নিজ নিজ কাজে মন দিতে হবে আর ক্ষতি কাটিয়ে জীবন জীবিকায় মনোনিবেশ করতে হবে।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, বর্তমান জেলা প্রশাসক অগ্নিকান্ডের ঘটনার পরপরই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে এবং আগামীতেও তিনি ক্ষতিগ্রস্থদের কিভাবে সহায়তা করতে পারেন সেজন্য পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ৫১পরিবারকে তাদের নিজস্ব মোবাইল নাম্বারে ১০হাজার টাকা করে দেয়া হচ্ছে আর আগামীতেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে।

এসময় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত রবিবার (১৭ মে) ভোর ৪টায় ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের ৫১টি দোকান-বাড়ী পুড়ে ছাই হয়ে যায় আর অগ্নিকান্ডে সবাই নি:স্ব হয়ে পড়ে।

আরও পড়ুন