বান্দরবান রিজিয়নে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃ ভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রিজিয়নে ৩টি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
এসময় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাসিং মার্মা, বিভিন্ন বিভাগের শিক্ষক, ভাষা প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।

এসময় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে এক র্যাম্প শো অনুষ্ঠিত হয়, আর এসময় বর্ণিল সাজে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকেরা জানান, প্রথম পর্যায়ে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা এই তিনটি ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর তিনটি কোর্সে মোট ৯০জন শিক্ষার্থী, প্রতিটি ভাষায় ৩০জন করে প্রশিক্ষণের সুযোগ পাবে। পর্যায়ক্রমে আগামীতে অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে।



