ভিজিএফ চাল বিতরণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চাঁদাবাজির মামলা

মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্য আব্দুল মজিদ এবং এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. শরিফ হোসেনের মধ্যে পাল্টা-পাল্টি অভিযোগ ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে স্থানীয় এক যুবদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

​জানা যায়, গত শনিবার তবলছড়ি ইউনিয়ন কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণকালে প্রতি ১০ কেজিতে ৪০০-৫০০ গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ তুলে এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. শরিফ হোসেন ফেসবুক লাইভ প্রচার করেন। এ সময় ইউপি সদস্য আব্দুল মজিদের সাথে শরিফ হোসেন ও ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আব্দুর রহিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় মেম্বারসহ বেশ কয়েকজন আহত হন।

​এই বিশৃঙ্খলার দায়ে গত ১৪ মার্চ দলীয় সিদ্ধান্ত মোতাবেক তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আব্দুর রহিমকে দলীয় সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য স্থায়ী বহিষ্কার করা হয়।

​ঘটনার পরদিন ১৫ মার্চ (রবিবার) বিকেলে ইউপি সদস্য আব্দুল মজিদ বাদী হয়ে সাংবাদিক মো. শরিফ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগে মাটিরাঙা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শরিফ হোসেন তার কাছে ৫ বস্তা চাল চাঁদা হিসেবে দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি ফেসবুক ও সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেছেন।

NewsDetails_03

​তবে সাংবাদিক শরিফ হোসেন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সংবাদ প্রকাশের জেরে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে। এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।” তিনি এই মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দাবি করেন।

​এদিকে, গত ১৪ মার্চ তবলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চাল বিতরণে বিলম্ব হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে ৬০ বস্তা (প্রায় ১৮০০ কেজি) চাল মক্তবপাড়া স্থানীয় মসজিদের বারান্দায় পরদিন বিতরণের জন্য সংরক্ষণ করা হয়। বিষয়টি মসজিদের মাইক দিয়ে ইমামের মাধ্যমে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান।

​অভিযোগ উঠেছে, ওইদিন রাত আনুমানিক ১২টার দিকে শরিফ হোসেন মসজিদে গিয়ে সংরক্ষিত ওই চালের বিষয়ে এনটিভি মাল্টিমিডিয়াতে পুনরায় লাইভ প্রচার করেন। লাইভে তিনি ট্যাগ অফিসার আজগর আলী, ইউপি সচিব ওসমান ও মজিদ মেম্বার চাল চুরি করে এনেছেন বলে অভিযোগ করেন। স্থানীয়দের দাবি, শরিফ প্রকৃত ঘটনা জেনেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাল চুরির মিথ্যা তথ্য প্রচার করেছেন।

​মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (১৬ মার্চ) সকালে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান তবলছড়ি ৮নং ওয়ার্ডের মক্তবপাড়া মসজিদ মাঠে উপস্থিত হন। তিনি ব্যক্তিগত তদারকিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন। এসময় তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন