মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি-বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও আশ্রয়কেন্দ্রের উপযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

NewsDetails_03

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য ইতিমধ্যে ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গতদের তাৎক্ষণিক সহায়তার জন্য শুকনো খাবার মজুত করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুন-উর-রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও ক্ষয়ক্ষতি কমাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুন