মাটিরাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাটিরাঙ্গায় বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স শাহিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যে উৎপাদন সংক্রান্ত তথ্যসম্বলিত লেবেল না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সুজন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

NewsDetails_03

এদিকে জিলাপিতে ‘হাইড্রোজ’ নামক অননুমোদিত রাসায়নিক উপাদান ব্যবহারের দায়ে কুমিল্লা ঝাল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৩৮ ও ৪৩ ধারায় এসব জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান। এ সময় মাটিরাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই তরুণ মজুমদারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, জিলাপিতে হাইড্রোজসহ কোনো ধরনের অননুমোদিত রাসায়নিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। খাদ্যপণ্যে ক্ষতিকর বা অনুমোদনবিহীন কেমিক্যাল ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন