রাইখালী বাজারে অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিম্নমানের খাদ্যপণ্য পুনঃপ্যাকেটজাতের প্রস্তুতির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদের নেতৃত্বে রাইখালী বাজারের বিভিন্ন মুদি দোকান, বেকারি, হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বেলাল স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ চিপস, চকলেট, চানাচুর, লজেন্সসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া মেসার্স আজগর স্টোর ও মেসার্স খাজা স্টোরে নিম্নমানের খাদ্যপণ্য পুনঃপ্যাকেটজাতের প্রস্তুতির অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি ক্রেতাদের উদ্দেশ্যে খাদ্যপণ্য কেনার আগে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের মোড়কের অবস্থা ভালোভাবে যাচাই করার আহ্বান জানান।


