রাঙামাটিতে জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়
নড়েচড়ে বসেছে প্রশাসন
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তার অপসারণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পাঠানো ওই আবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কার্যাদেশ প্রদান নিয়ে প্রশ্ন এবং সরকারি অর্থের অপচয়ের মতো গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে।

মূলত মো. মুছা ও তার সহযোগীদের পক্ষ থেকে দাখিল করা অভিযোগের ভিত্তিতেই বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন মহল থেকেও একই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগসমূহের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ জরুরি।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



