রাঙামাটিতে মশার কয়েল থেকে পুড়ল ৪ দোকান, ৩ বাস
অসতর্কতায় ভয়াবহ আগুন
রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪টি দোকান, ৩টি বাস ও একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রবিবার (২১ ডিসেম্বর) রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ৪টার দিকে রাঙামাটি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৫টা ৫৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়। ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, তার দোকানে থাকা প্রায় ৩৫টি নতুন ও পুরাতন জেনারেটর পুড়ে গেছে, যার মধ্যে কিছু সরকারি জেনারেটরও ছিল। এতে তার অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিক তদন্তে একটি দোকানে ব্যবহৃত মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম।



