রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু
কড়া নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় দায়িত্ব পালন করছেন ৩ হাজার ৪০০ জন সেনাসদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ ও ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য। মাঠপর্যায়ে তদারকিতে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে টহল অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
রাঙামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১১, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।



