রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার
রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-সংশ্লিষ্ট একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার তারা রাঙামাটিতে এলে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।



