রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগে বান্দরবানে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপকারভোগী চাষী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাবার দর যাচাই-বাছাই ও বিক্রয় কমিটির কোনো সভা হচ্ছে না। এতে রাবার বিক্রির হিসাব-নিকাশে অসংগতি সৃষ্টি হয়েছে এবং চাষীরা তাদের ন্যায্য শেয়ার থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, জেনারেল ম্যানেজার পিন্টু চাকমার নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাত ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। ডিও লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রাবার বিক্রি, অফিসের ৪৬ ড্রাম ফর্মেট এসিডের হিসাব না থাকা, শ্রমিক নিয়োগ ও বিল-ভাউচারে অনিয়ম এবং কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে তারা।
এসময় বক্তারা উপকারভোগীদের বাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত দ্রæত সম্পন্ন, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে রাবার বিক্রি, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২ এর গ্রাম লিডার চাইসুই মং, সুকুমার তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সদস্য, উপকারভোগী রাবার চাষী এবং সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।



