রাবিপ্রবি স্থাপন প্রকল্পে গতি আনতে সময় মতো কাজ শেষের নির্দেশ

“ঢাকা থেকে দূরবর্তী অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাড়া কোনো বিকল্প নেই। এই বিশ্ববিদ্যালয়কে বিকশিত হতেই হবে এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই হবে।”—বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম।

(৯ মে) বিকাল ৩টায় রাবিপ্রবির একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে রাঙামা‌টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “চলমান প্রকল্পের কাজ আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া উপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ এগিয়ে নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।”

সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, “আমরা একটি আধুনিক মানের রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে দেশি-বিদেশি গবেষকরা গবেষণার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধানে সোলার প্যানেল স্থাপন করা হবে।” তিনি জানান, আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষার্থীদের প্রিন্টেড কারিকুলাম দেওয়া হবে এবং আগামী ১৬-১৮ মে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি নির্মাণাধীন প্রশাসনিক ভবন-১ এর একটি বেজমেন্ট ঢালাই কাজের উদ্বোধন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠিকাদার প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা।

আরও পড়ুন