বিজ্ঞান চর্চার মাধ্যমে পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়নের আহ্বান রা‌বিপ্রবি উপাচার্যের

রাঙামা‌টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাঙামা‌টি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতেই রাঙামা‌টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের বছরজুড়ে চলমান বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের সঙ্গে রাঙামা‌টি জেলার শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে, যাতে তারা বিজ্ঞান চর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে পারে।

NewsDetails_03

তিনি আরও বলেন, রাঙামা‌টি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবিপ্রবিতে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে রাঙামা‌টি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ শাখা থেকে ২১৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ১১৪ জন ও কলেজ পর্যায়ে ৪৩ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাঙামা‌টি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন