রামগড়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত
খাগড়াছড়ির রামগড়ে সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে রামগড় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা পর্ষদ দুইদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করেছে।
আজ ১৬ই জুলাই বৃহস্পতিবার ভোরবেলা থেকে ধর্মীয় কীর্তন এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। গতকাল ছিল শুভঅধিবাস। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও রামগড় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রার উৎসব উদযাপন করেছে।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল কীর্তন, গীতা পাঠ, সমবেত উপাসনা ও ধর্মীয় সংগীত অনুষ্ঠানও মহাপ্রসাদ বিতরণ। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ১৯০২সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন সনাতনী মন্দিরটি তৎকালীন সময়ে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মপ্রাণ ব্যক্তিরা প্রতিষ্ঠা করেন। প্রত্যেক বছর এই মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রথযাত্রা উৎসব উদযাপিত হয়।

জগন্নাথ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কাজল দাশ জানান, উপজেলা অত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে গ্রামীন মেলার পসরা বসেছে। রথযাত্রা উপলক্ষে মেলায় বিপুল সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাবেশ পরিলক্ষিত হয়।
মন্দির প্রাঙ্গণে রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল রথযাত্রার উপলক্ষে সনাতনী ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি তপন ত্রিপুরা, সুষ্ঠু সুন্দরভাবে রথযাত্রা উৎসব উদযাপিত হওয়ায় রামগড় উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


