রুমায় এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বান্দরবানের রুমা উপজেলার গালেংগা ইউনিয়নের জৈতুন পাড়ায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের আয়োজনে জেলা সদরের মুক্তমঞ্চে এই এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রুমা উপজেলার জৈতুন পাড়ায় এক বাঙ্গালী ব্যবসায়ীকে হত্যার মাধ্যমে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

বক্তারা এসময় পার্বত্যাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এবং একইসঙ্গে নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার পরিবারকে সহায়তার দাবি জানান। এই হত্যাকান্ডে জড়িত সকল হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান প্রতিবাদ সমাবেশে বক্তারা।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান,সাধারণ সম্পাদক নাছিরুল আলম, পৌর কমিটির সভাপতি সামসুল ইসলাম সামু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসিফ ইকবালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : ৯ জুন (মঙ্গলবার) ভোরে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম জৈতুন পাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে লাশের নাম ও পরিচয় পাওয়া না গেলেও প্রাথমিক অবস্থা দেখে লাশটি বাঙ্গালীর হতে পারে বলে ধারণা করছে স্থানীয় বাসিন্দারা।



