রুমার দুর্গম ৭টি ম্রো ও খুমি গ্রামবাসী পেল মানবিক সহায়তা

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রুমা জোনের আওতাধীন দুর্গম ৭টি গ্রামের বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি (বার), পিএসসি, অধিনায়ক, ৩৬ বীরের সার্বিক তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পুরোনো নোকো পাড়ায় সিকিউরিটি লাইট, পানির ট্যাংক ও সোলার সিস্টেম, এনো পাড়ার স্কুলের জন্য আলমারি, সিকিউরিটি লাইট ও সোলার সিস্টেম, প্রংফুং পাড়া, মেনরুই পাড়া ও নতুন নোকো পাড়ায় সোলার সিস্টেম ও সিকিউরিটি লাইট এবং কেউতাই ও খুলিয়ান পাড়ায় ফুটবল, ভলিবল, ভলিবল নেটসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, সদর ইউনিয়নের দুর্গম এনো পাড়ায় শতাধিক মানুষের বসবাস। ৩৮ জন শিক্ষার্থী নিয়ে রয়েছে মাত্র একটি বিদ্যালয়। দীর্ঘদিন ধরে পানির সংকটসহ নানা সুযোগ-সুবিধার অভাবে কষ্টে দিন কাটছে এ অঞ্চলের বাসিন্দাদের।

এনো পাড়া স্কুলের শিক্ষক মেনওয়াই ম্রো জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য একটি আলমারি ও পাড়াবাসীদের জন্য পানির পাইপ দেওয়া হয়েছে। পাশাপাশি জোন কমান্ডার শিক্ষা সামগ্রী প্রদানের আশ্বাস দিয়েছেন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।

পুরাতন নোকো পাড়ার বাসিন্দারা জানান, একসময় পানির জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হতো, বিশেষ করে গর্ভবতী নারীদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হতো। বর্তমানে সেনাবাহিনীর দেওয়া ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক ও সোলার সিস্টেমের মাধ্যমে পানির সংকট নিরসনের পাশাপাশি সন্ধ্যার পর শিক্ষার্থীরা নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার জানান, দুর্গম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী শিক্ষা সামগ্রী, মেডিকেল ক্যাম্পিং, পানির ট্যাংক, পাইপ ও প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি জনপদে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ শুধু মানুষের প্রয়োজন পূরণেই নয়, পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়ক হবে।

আরও পড়ুন