রোজায় পাহাড়ে শান্তি-শৃঙ্খলায় জিরো টলারেন্স, নির্দেশ পার্বত্যমন্ত্রীর
পবিত্র রমজানকে সামনে রেখে পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা, বাজারদর নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয় থেকে তিনি টেলিফোনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলেন।
ফোনালাপে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রোজার মাসে স্থানীয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ভূমি-সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী সুচিন্তিতভাবে সমাধান করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে তাদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
বান্দরবানের লামা উপজেলায় শুরু হতে যাওয়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণের তাগিদ দেন তিনি।
তিন জেলাতেই পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকির নির্দেশ দেন।



