সুষ্ঠু নির্বাচন মূল লক্ষ্য, মাদকের সঙ্গে আপোস নয় : রাঙামাটির এসপি রকিব

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন আমাদের মূল লক্ষ্য। মাদক নির্মূলের ক্ষেত্রে কোনো ধরনের আপোস করা হবে না—এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো।

আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাঙামাটিতে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও এড‌মিন) মোহাম্মদ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জ‌সিম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সা‌র্কেল) মো. জাহেদুল ইসলাম, কোতোয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মো. সাহেদসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, সাংবাদিকরা সমাজের সবকিছু সম্পর্কে অবগত। তথ্য গ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, মাদক নির্মূলের জন্য যা প্রয়োজন তা করা হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো আসামি গ্রেফতার করা হবে না।

তিনি জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আশা করছি। গুজব ও মিথ্যা তথ্যের বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সুসম্পর্ক বজায় রেখে আমরা একসঙ্গে কাজ করে যাব। জেলা পুলিশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙামাটি জেলা ধরে রাখতে চায়।

মতবিনিময় সভায় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি এস এম সামশুল আলম, দৈনিক ইনকিলাবের দীপ্ত হান্নান, আমার দেশের মো. সোলায়মান, মানবজমিনের আলমগীর মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের জিয়াউল হক, জনকণ্ঠের মোহাম্মদ আলী এবং নিউজ টুয়েন্টিফোরের ফাতেমা জান্নাত মুমু বক্তব্য রাখেন।

সাংবাদিকরা সভায় অবৈধ সিএনজি চলাচল, সড়ক দখল, যত্রতত্র টিকিট কাউন্টার, মামলা–হামলা ও হয়রানি, যানজট এবং মাদক সমস্যাসহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

আরও পড়ুন