ধর্ষণকে পাহাড়ে সাম্প্রদায়িক ও রাজনৈতিক ইস্যু বানানোর প্রতিবাদে নৌপথে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাট থেকে শুভলং ঝর্ণা পর্যন্ত কাপ্তাই হ্রদে ব্যানার-ফেস্টুন নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। শুভলং ঝর্ণার সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বরকল উপজেলার নেতা সোহরাব হোসেন, এমদাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম বাবু ও আরিয়ান রিয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি পাহাড়ে ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটলেও সেসব ঘটনায় ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না। বরং ধর্ষণের মতো জঘন্য অপরাধকে কিছু মহল সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। এতে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, অতীতে মিথ্যা ধর্ষণ ইস্যুতে পাহাড়ে সহিংসতা সৃষ্টি করা হলেও প্রকৃত অপরাধ ঘটলে তা নিয়ে নীরবতা দেখা যায়। বক্তারা বলেন, “এ কেমন ন্যায়বিচার, যেখানে অপরাধীর জাতি, ধর্ম ও দল দেখে বিচার হয়?”
বক্তারা আরও বলেন, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতায় তিনজন নিহত হন, বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার মূল নেপথ্য কারিগর সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানান তারা।



