বান্দরবানের রুমায় বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন সেনাবাহিনীর
বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক বান্দরবানের রুমা উপজেলার সুংসুং পাড়া এবং এর পার্শ্ববর্তী পাড়া সমূহের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রুমা উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ বসবাস করে। দুর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর যে কোন দুর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ আগষ্ট (বৃহস্পতিবার) বান্দরবান রিজিয়নের উদ্যোগে রুমা উপজেলার দুর্গম সংসং পাড়া এবং এর পার্শ্ববর্তী পাড়া সমূহে বসবাসরত অসহায় ও দুঃস্থ জনগণের মাঝে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ৪শ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল সরফরাজ হায়দার, মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান, রুমা জোন এর আরএমও ক্যাপ্টেন মোঃ সোহাগ মিয়া সজীব উপস্থিত থেকে থেকে এলাকাবাসীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিসহ সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।



