রাজস্থলীতে সাড়ে ২১ লক্ষ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

রাঙামাটির রাজস্থলী উপজেলায় তল্লাশি চালিয়ে সাড়ে ২১ লক্ষ টাকার ভারতীয় সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা এবং ৪ জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয় টার দিকে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করেন।

এসময় অবৈধভাবে পাচারকালে বিভিন্ন ব্রান্ডের মোট ১০ হাজার প্যাকেট (অরিস ০৮ কার্টন, পেট্রোন ১০ কার্টুন, বেন্সন ৫ কার্টুন) আটক করা হয়েছে। যার মোট আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ৫০হাজার টাকা। এছাড়াও দেড় লক্ষ টাকা নগদ অর্থসহ চারজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

NewsDetails_03

আটককৃত ৪ জনের মধ্যে বাঙ্গালহালিয়া বাজারের মৃত চিত্র রঞ্জন দাশের ছেলে শিমুল দাস (৪৫), একই ইউনিয়নের পাথরবন পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে, মোঃ সাজ্জাদ ইসলাম(২২), শফিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মহিবুল হাসান (২৩), রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা (২০)।

পরবর্তীতে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল মিতিঙ্গাছড়ি গিয়ে আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল রাজস্থলী থানায় সোপর্দ করেন।

এই বিষয়ে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ বলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তল্লাসী চালিয়ে যে আসামী, সিগারেট এবং পিকআপ আটক করেছেন তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই বিষয়ে রাজস্থলী থানা কর্তৃক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন