দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে (৩৮) অবশেষে গ্রেপ্তার করেছে থানচি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় থানচি উপজেলার বলি বাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা জেলার রুমা উপজেলায় ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার পুত্র।

পুলিশ সূত্রে আরো জানা যায়, যিশুরাম বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০২/০৫। মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল। আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে সে পলাতক ছিল দীর্ঘদিন। গ্রেফতারের পর পুলিশ তাকে বলি বাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
এই বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানিয়েছেন, থানচি থেকে যিশুরাং ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতেও পলাতক সাজাপ্রাপ্ত অন্য আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



