২৯৯ আসন বিএনপিকে উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : দীপেন দেওয়ান

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির এক মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, “বিএনপির নেতাকর্মীরা কঠিন সময় পার করছে, কিন্তু এই সময়েই ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই সবাইকে ২৯৯ আসনটি বিএনপিকে উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড. দীপেন দেওয়ান আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অটল ও অবিচল। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণই আমাদের শক্তি, এই শক্তিকে তৃণমূল থেকে সংগঠিত করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাতীদলের আহ্বায়ক মো. শফি, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু এবং জেলা জাসাস সভাপতি কামাল হোসেন।

NewsDetails_03

সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা।

সভায় বক্তারা বলেন, সরকারের দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে বাঘাইছড়ি থেকেই নতুন আন্দোলনের ধারা সূচিত হবে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় যোগদানের আগে অ্যাড. দীপেন দেওয়ান বাঘাইছড়ির বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব “বড় হুজুরের” মাজার জিয়ারত করেন। পরে তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত সংগঠক জসীমউদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভা শেষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতারা কুশল বিনিময় ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন