কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

ঈদের ছুটি

ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দ্বিতীয় দিন আজ রবিবার (২২ মার্চ) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভীড়। কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন করছেন, আবার শিশুরা শিশু পার্কে আনন্দে ঈদের খুশি উপভোগ করছেন।

সরেজমিনে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। এসময় এই বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে ঢাকা হতে বেড়াতে আসা আদিব গ্রুপের চেয়ারম্যান দয়াল বড়ুয়া বলেন, কাপ্তাইয়ে এসে খুব ভালো লাগছে, অসাধারণ প্রকৃতি, এটা আমার কাছে সুইজারল্যান্ড এর মতো মনে হয়েছে। এই পর্যটন কেন্দ্রে ঢাকা হতে বেড়াতে আসা সফিউর রহমান ও ফাতেমা দম্পতি বলেন, লেক পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে।
নির্সগে বেড়াতে আসা রাঙ্গুনিয়ার সোলাইমান, ইরফান, মৌমিতা, দীপেশ বলেন, কাপ্তাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। পরিবেশ ভালো, পর্যটন শিল্পে কাপ্তাইয়ে প্রচুর উন্নতি হয়েছে।

এদিকে ঈদের দ্বিতীয় দিন বিকেলে ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। এসময় কথা হয় চট্টগ্রামের চকবাজার হতে বেড়াতে আসা পর্যটক শফিউল আজম ভুঁইয়া, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামল হালদার সহ অনেকের সাথে। তাঁরা বলেন, কাপ্তাইয়ের চারিপাশ প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়েছি। একদিকে কর্ণফুলি নদী, অন্যদিকে পাহাড়, সব মিলে অসাধারণ।

এদিকে কাপ্তাই ফ্লোটিং প্যারাডাইসে গিয়ে কথা হয়, ঢাকার মিরপুর হতে আসা পর্যটক সৌরভ হোসেন এর সাথে। তিনি বলেন, এককথায় কাপ্তাই অসাধারণ, এখানে প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে।

শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর পরিচালক মো: আফছার উদ্দিন এবং ম্যানেজার মিনহাজ উদ্দিন বলেন, ঈদে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের ১৯ টি কটেজ সব গুলো ঈদের দিন হতে আগামী ২৭ তারিখ পর্যন্ত বুকিং আছে। এছাড়া আমাদের নিসর্গ রেস্টুরেন্টে একসাথে দেড়শত হতে ২ শত জন বসে খাবার খেতে পারছেন।

NewsDetails_03

শিলছড়ি নিসর্গ কুটির এর মালিক নাসিম আহমেদ বলেন, আজকে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে, আমাদের ব্যবসা ভালো হচ্ছে।

এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর গিয়েও দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। এসময় কাপ্তাই লেকের বোট চালক মো: ইকবাল বলেন, এখানে প্রচুর পর্যটক এসেছে। অনেকে বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমন করছেন।

কাপ্তাই ফ্লোটিং প্যারাডাইসের পরিচালক সোহেল বলেন, আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন প্রচুর পর্যটক এসেছে, আমাদের রেস্টুরেন্টের খাবর মান খুবই ভালো।

এছাড়া কাপ্তাই রিভার ভিউ পার্ক, রাইংখ্যং আইল্যান্ড, সেনাবাহিনী পরিচালিত লেকভিউ আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন