কাপ্তাই উপজেলা পর্যায়ে ৮টি বিষয়ে অংশ নিয়ে ৮ টিতেই প্রথম রাইখালীর দেবরাজ দাশ
জাতীয় শিক্ষা পদক ২০২৬ এ রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে ৮ টি বিষয়ে অংশ নিয়ে ৮ টিতেই প্রথম স্থান অধিকার করেছেন রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৪র্থ শ্রেণির ছাত্র দেবরাজ দাশ।
গত শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং একইদিন বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবরাজ দাশ এর পিতা রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল দাশ বলেন, আমার ছেলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে ৮টিতেই প্রথম স্থান অর্জন করেছে উপজেলা পর্যায়ে। সেই অংকদৌড়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, কুইজ- সাধারণ জ্ঞান, কুইজ- গণিত, কাবিং এবং বিতর্ক (দলীয়) প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে।
উপজেলা পর্যায়ে দেবরাজের এই সাফল্যে তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে সহ স্কুলের শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।।



