খাগড়াছড়িতে পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের কৃষি যন্ত্রপাতি বিতরণ

খাগড়াছড়ির কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় খাগড়াছড়ির উদ্যোগে এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে “স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন” (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষক পর্যায়ে এই যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় কৃষকদের মাঝে নিড়ানি যন্ত্র ‘ব্রি রাইস উইডার’ ও ‘ন্যাপস্যাক স্প্রেয়ার’ বিতরণ করা হয়।

ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের আদর্শ কৃষক অনুপম চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, “পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এলএসটিডি প্রকল্পের মাধ্যমে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ধান চাষাবাদ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করা সম্ভব। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এসময় তিনি নিড়ানি ও স্প্রেয়ারের সঠিক ব্যবহার পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে অনুপম চাকমা এলএসটিডি প্রকল্প ও ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রি উদ্ভাবিত ধানের জাত, প্রযুক্তি ও নির্দেশনার সমন্বয়ে গ্রামের কৃষকদের কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ৬০ একর জমিতে ব্রি উদ্ভাবিত আধুনিক ধানের জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন, কৃষি যন্ত্রপাতির ব্যবহারিক পরীক্ষণ, বীজ সহায়তা কার্যক্রমসহ মোট ৬টি গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করেছে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি।

আরও পড়ুন