গাছের সুরক্ষায় বান্দরবানে মাসব্যাপী কর্মসুচী শুরু
গাছে আর নয় পেরেক
বান্দরবানের বিভিন্ন স্থানে গাছের পেরেক অপসারণে নেয়া হয়েছে মাসব্যাপী কর্মসুচী। আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাস স্ট্যান্ডের বটতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এই কর্মসুচীর উদ্বোধন করেন।
এসময় তিনি বটতলায় বিভিন্ন গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করেন এবং সকল পেরেক তুলে ফেলেন। আগামী একমাসব্যাপী বান্দরবানে এই কর্মসুচী চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সকলকে গাছের যত্ন নেয়ার পাশাপাশি গাছের গুরুত্ব সকলের কাছে তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আর এই বন্ধু আমাদের ফল দেয়, ছায়া দেয় আর জ্বালানী কাঠসহ বিভিন্নভাবে আমাদের নিয়মিত উপকার করে আর তাই গাছকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
আয়োজকেরা জানান,পরিবেশ সুরক্ষা এবং গাছের বংশ বৃদ্ধি নিশ্চিত করতে এমন আয়োজন আর এই আয়োজনে সামিল হতে হবে সকল জনসাধারণকে।
এসময় বান্দরবান পাপ্লউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা মো.তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



