ঘুমধুম সীমান্তে বিজিবির শীতবস্ত্র ও শিক্ষা সহায়তা বিতরণ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে শীতবস্ত্র ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় দেশের অসহায়, গরীব ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুমানিক ৪০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।

এ সময় বিজিবির বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, শিশুদের জন্য ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের আওতায় বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া ও রেজুপাড়া বিওপি এলাকা অন্তর্ভুক্ত ছিল।
এছাড়াও সামাজিক উন্নয়নমূলক সহায়তার অংশ হিসেবে নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা, ৩০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকার ৩টি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ এবং ২৮০টি নূরাণী কায়দা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থেকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির ভূমিকার প্রশংসা করেন।


