খাগড়াছড়ির রামগড়ে এক ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর.) সকাল ১১ টায় রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে এক ধোয়া চিকিৎসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রামগড় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে একজন ভূয়া ডাক্তার রোগীদের চক্ষু চিকিৎসা করছেন মর্মে অভিযোগ পায়। এ অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১১ টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকে রামগড় পৌর শহরে মাইকিং করে আমজাদ মেডিকেল হলে চক্ষু চিকিৎসা করছেন ভুয়া চক্ষু চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, অভিযানের সময় আমজাদ মেডিকেল হলে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তির যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন না থাকার পরও রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানরত অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু সংক্রান্ত বিষয়ে চিকিৎসা দিচ্ছিলেন মর্মে স্বীকার করেন ঐ ভুয়া চক্ষু চিকিৎসক, তার এহেন কাজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, ভুয়া চক্ষু চিকিৎসক রাকিবুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।



