নাইক্ষ্যংছড়িতে ৩ রাবার শ্রমিক অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তিন শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নং আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২৪),আনোয়ারের ছেলে এনামুল হক (২৮) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে আমরা জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনজনকে তুলে নিয়ে যায়। আমরা কেউই প্রতিরোধ করতে পারিনি।

NewsDetails_03

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আবীর রাবার বাগানের মালিক মো. আবদুল করিম বান্টু বলেন, বাগানের শ্রমিক নুরুল ইসলাম ফোন করে অপহরণের বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। অপহৃতদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনাও ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে সাম্প্রতিক এই ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপহৃতদের উদ্ধারের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন