নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধান ঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারিরা ইয়াবাভর্তি কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।

NewsDetails_03

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬টি কার্টনে রাখা মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ১ লাখ ৬০ হাজার ৪ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬০৪ পিস ইয়াবা রয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন