পার্বত্য অঞ্চলে বিদেশী পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে : মন্ত্রী দীপেন দেওয়ান এমপি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চল পর্যটনের এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র। এখানে শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের অবাধ ভ্রমণের সব বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত রবিবার (১০ মে) রাতে রাঙ্গামাটির বার্গী লেকভ্যালী রিসোর্টে ‘রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটি’ আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূর হবে এবং মানুষের আর্থিক স্বচ্ছলতা আসবে। বিদেশি পর্যটকদের ভ্রমণে কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব সমস্যা নিরসনে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে।

পাহাড়ের নিরাপত্তা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, পাহাড়ের নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়, যার কারণে বিদেশি পর্যটকরা ভ্রমণে দ্বিধাবোধ করেন। আমাদের সকলকে মিলে এই ‘জুজু ভয়’ দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এ ক্ষেত্রে মন্ত্রী গণমাধ্যমকে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানান।
কাপ্তাই লেক প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, বিশাল জলরাশির কাপ্তাই লেক আমাদের এক বিশাল সম্পদ। এই লেককে কেন্দ্র করে পর্যটন শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরিকল্পনা সরকারের রয়েছে।
রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা, জেলা বিএনপি নেতা সুভাষ চাকমা, সদস্য বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।



