প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে রাঙামাটির সেরা রাজনগর ও পাকুজ্যাছড়ি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর রাঙামাটি জেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ রোববার সকালে রাঙামাটি সদরের মারী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে লংগদু উপজেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৫-১ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, বিএনপি নেত্রী মৈত্রী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



